
ভোলার চরফ্যাশন উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া (ফেক) ফেসবুক আইডির ব্যবহার উদ্বেগজনকভাবে বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব আইডি থেকে স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও সমাজের পরিচিত ব্যক্তিদের নামে মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকটি ভুয়া ফেসবুক আইডি থেকে সংবাদ প্রতিবেদনের আদলে বিভিন্ন পোস্ট প্রকাশ করা হচ্ছে। এসব পোস্টে যথাযথ তথ্য যাচাই ছাড়াই ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অভিযোগ ও দাবি তুলে ধরা হচ্ছে। পরে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে ক্ষুণ্ন হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম।
এ বিষয়ে সচেতন নাগরিকরা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া শেয়ার করা উচিত নয়। গুজব ও অপপ্রচার প্রতিরোধে ভুয়া আইডি পরিচালনাকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
এলাকাবাসীর ভাষ্য, তথ্যপ্রযুক্তির অপব্যবহার করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার চালানো দণ্ডনীয় অপরাধ। তাই এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন।
সংশ্লিষ্টদের মতে, দায়িত্বশীলভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, তথ্য যাচাই করে সংবাদ ও তথ্য প্রকাশ এবং জনসচেতনতা বৃদ্ধি করা গেলে ভুয়া তথ্য ও অপপ্রচারের প্রবণতা অনেকাংশে কমে আসবে।







