ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকা জেলার আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে অংশ নিয়ে তিনি ঢাকা-৬ আসনের মাদক, যানজট, ফুটপাত দখল, ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড, সদরঘাট, কাপ্তানবাজার ও মুরগিপট্টিসহ বিভিন্ন এলাকার সমস্যা তুলে ধরেন।
বৈঠকে ইশরাক হোসেন বলেন, ঢাকা-৬ আসনে মাদকের সমস্যা বর্তমানে তীব্র আকার ধারণ করেছে। মাদকের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনাও ঘটছে। গেন্ডারিয়া, ঘুঁটিগড়, মুনসিরটেকসহ বিভিন্ন এলাকার পরিস্থিতি তিনি সংশ্লিষ্টদের সামনে তুলে ধরেন।
এ ছাড়া দখল হয়ে যাওয়া ফুটপাত, যত্রতত্র বাস ও অন্যান্য যানবাহন থামানো এবং এর ফলে সৃষ্ট যানজট ও জনদুর্ভোগের বিষয়েও তিনি কথা বলেন। ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড ও সদরঘাটের বিভিন্ন সমস্যা নিয়েও বৈঠকে আলোচনা করেন তিনি। পাশাপাশি কাপ্তানবাজার ও মুরগিপট্টি এলাকার পরিস্থিতির কথাও তুলে ধরেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য।
বৈঠকে সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রকাশ্যে আনাগোনার বিষয়টিও তুলে ধরেন ইশরাক হোসেন। তিনি অভিযোগ করেন, এসব বিষয়ে পুলিশকে অবহিত করার পরও কোনো কোনো ক্ষেত্রে সংশ্লিষ্ট থানা থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
ঢাকা জেলার আইনশৃঙ্খলা কমিটির এ বৈঠকে জেলার বিভিন্ন এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা নিজ নিজ এলাকার পরিস্থিতি ও করণীয় বিষয়ে মতামত দেন।
জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, ম্যাজিস্ট্রেট, সিটি করপোরেশন, ওয়াসাসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।
বৈঠকে ইশরাক হোসেন ঢাকা-৬ আসনের সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে সমন্বিতভাবে কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।





