ঠাকুরগাঁও শহরে ফিল্মি কায়দায় অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পৌর শহরের অপরাজেয় ৭১ স্মৃতিস্তম্ভ ও জেলা পরিষদ পার্ক সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
আটক দুই মাদক কারবারি হলেন ঠাকুরগাঁও পৌর শহরের পূর্ব হাজীপাড়া এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে মো. রফিকুল ইসলাম (৩২) ও বালিয়াডাঙ্গী উপজেলার মোড়ল হাট জিয়াবাড়ি গ্রামের মৃত জলিল উদ্দিনের ছেলে মো. হাসিবুল ইসলাম (৩৫)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রফিকুল ইসলাম বালিয়াডাঙ্গী থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ঠাকুরগাঁও শহরে প্রবেশের চেষ্টা করছেন। তথ্য প্রযুক্তির সাহায্যে তার গতিবিধি পর্যবেক্ষণ করার পর শহরের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয় ডিবি সদস্যরা।
রফিকুল ইসলাম ও তার সহযোগী কলেজ রোড হয়ে শহরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে। অপরাজেয় ৭১ স্মৃতিস্তম্ভের সামনে পুলিশের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের সদস্য মোটরসাইকেল থেকে পড়ে যায়, তবে পুলিশ কৌশলগত পদক্ষেপ নিয়ে শেষ পর্যন্ত দুই মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। তাদের ব্যবহৃত ব্যাগ থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার এসআই শাহরিয়ার সরকার বলেন, “রফিকুল ইসলাম একজন পরিচিত মাদক কারবারি। আমরা আগেই নিশ্চিত ছিলাম যে তিনি বালিয়াডাঙ্গী থেকে ইয়াবা নিয়ে শহরে আসবেন। সেই অনুযায়ী চেকপোস্ট বসানো হয়। গোপন সূত্রে খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা জানিয়েছেন, এ ধরনের ফিল্মি স্টাইলে অভিযান ঠাকুরগাঁওয়ে বিরল ঘটনা। এই দুঃসাহসিক অভিযানের ফলে মাদক ব্যবসায়ীরা সহজে পার হতে পারবে না বলে তারা আশাবাদ প্রকাশ করেছেন।
ডিবি পুলিশ জানিয়েছে, আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।