রাশিয়া থেকে আমদানি করা ৫২,৫০০ মেট্রিক টন গমবাহী এমভি পার্থ (MV PERTH) নামের জাহাজটি চট্টগ্রামের কুতুবদিয়ার বর্হিনোঙরে নোঙর করেছে। এই খবরটি সোমবার (২৯ সেপ্টেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত একটি বিবৃতিতে নিশ্চিত করা হয়।
খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, চলতি বছরের ৭ জুলাই নগদ ক্রয় চুক্তি নম্বর ১৩.০১.০০০০.০৯৩.৪৬.০২৩.২৫-৬২৯ (প্যাকেজ-০১) এর আওতায় এই গম আমদানির কাজ সম্পন্ন হয়েছে।
জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং গুণগত মান সন্তোষজনক বলে জানানো হয়েছে। দ্রুত গম খালাসের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে।
মোট ৫২,৫০০ মেট্রিক টনের মধ্যে ৩১,৫০০ মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে খালাস করা হবে, আর বাকি ২১,০০০ মেট্রিক টন গম মোংলা বন্দরে নেওয়া হবে।
এই গম আমদানি দেশের খাদ্য নিরাপত্তা ও গমের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বর্তমান সময় খাদ্য সংকটের মুখে দেশটির প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দ্রুত সংগ্রহ করাই মন্ত্রণালয়ের মূল লক্ষ্য।
গম আমদানির এ পদক্ষেপ দেশের ভোক্তাদের জন্য খাদ্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং বাজারে গমের সরবরাহ অব্যাহত রাখতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।