দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয়ের মাধ্যমে যেমন দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তেমনি সংস্কৃতি ও আবেগের জায়গায়ও তৈরি করেছেন একটি মজবুত সেতুবন্ধন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ— দুই জায়গাতেই সমান জনপ্রিয় এই অভিনেত্রী এবারও কলকাতাতেই কাটাতে চান শারদীয়ার আনন্দঘন সময়।
সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত একটি সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন জয়া আহসান। সেখানে ‘এডভেন্ট এক্টর স্টুডিও প্রাইভেট লিমিটেড গ্লোবাল ইনফ্লুয়েঞ্জার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। মঞ্চে অনুভূতি প্রকাশ করতে গিয়ে জয়া জানান, কলকাতায় এসে তিনি বরাবরই ভালো থাকেন, আর এ শহর এখন তার ‘সেকেন্ড হোম’।
এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “পূজার সময় কলকাতাকে আমি ভীষণ মিস করি। এই সময়টা এখানে কাটানোই আমার সবচেয়ে ভালো লাগে। এবারও পূজায় কলকাতাতেই থাকছি।”
অনুষ্ঠানে জয়া আরও বলেন, কোনো সিনেমার সফলতা গড়ে তুলতে ডিজিটাল প্ল্যাটফর্মে কনটেন্ট ক্রিয়েটরদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। তাদের তৈরি ভিডিও বা প্রচার-সামগ্রী সিনেমার জনপ্রিয়তা বাড়াতে কার্যকর ভূমিকা রাখে।
অভিনয়ের পাশাপাশি দুই বাংলার সংস্কৃতির মধ্যে সেতুবন্ধ গড়ে তোলার এই যাত্রায় জয়া আহসান যেন হয়ে উঠেছেন এক জীবন্ত সংযোগসূত্র। সামনে তার বলিউড ও টালিউডের নতুন কিছু কাজও মুক্তির অপেক্ষায় রয়েছে, যার মধ্যে রয়েছে কৌশিক গাঙ্গুলীর পরিচালনায় ‘অর্ধাঙ্গিনী ২’— যা আগামী বছর থেকে শুরু হতে যাচ্ছে।