ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এবার সামাজিক মাধ্যমে নিজের নাম ও ছবি ব্যবহার করে গড়ে ওঠা ভুয়া আইডিগুলো নিয়ে মুখ খুলেছেন। প্রায় দুই দশকের অভিনয় ক্যারিয়ারে নাটক ও বিজ্ঞাপন দিয়ে দর্শকদের মন জয় করলেও সম্প্রতি তিনি প্রথমবারের মতো নাম লিখিয়েছেন বড় পর্দায়। সরকারি অনুদানের দুটি সিনেমায় তার অভিনয় শেষ হয়েছে।
তবে অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও সরব প্রভা। নিয়মিত ফেসবুক-ইনস্টাগ্রামে লাইভ ও পোস্টের মাধ্যমে ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন। ঠিক এমন এক লাইভে (২৪ সেপ্টেম্বর, বুধবার) তিনি ভুয়া আইডির বিষয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন।
লাইভ চলাকালে এক দর্শক তাকে জানান, প্রভার নাম ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া প্রোফাইল চালানো হচ্ছে। জবাবে প্রভা বলেন, “হ্যাঁ, অনেক ফেক আইডি দেখেছি। কালকেও একটা দেখেছি। এমনকি ওই আইডি থেকে আমার ছবিসহ পোস্ট দিয়ে লেখা হয়েছে—‘আইডির রিচ কমে গেছে, সবাই কমেন্টে সাড়া দিন।’ এগুলো একদমই আমার নয়।”
তিনি সবাইকে সতর্ক করে বলেন, “আমার নামে খোলা কোনো ভুয়া আইডি থেকে কেউ রাজনৈতিক মন্তব্য করে, দেশবিরোধী কিছু বলে বা টাকা-পয়সা চায়—তাহলে সেটা বিশ্বাস করবেন না। এটা আমি নই।”
প্রভা অনুরোধ জানান, ভক্ত-অনুরাগীরা যেন এসব প্রোফাইল দেখলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করেন এবং শুধুমাত্র তার অফিসিয়াল পেজ বা ভেরিফায়েড প্রোফাইল থেকেই যোগাযোগ রাখেন।
ভুয়া অ্যাকাউন্ট চালানোর বিষয়টিকে ব্যক্তিগত অপমান হিসেবেও নিয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন, “আপনাদের কি কোনো যোগ্যতা নেই যে, আমার ছবি বা কাজ দিয়ে ফেক করতে হবে? আল্লাহ সবাইকে কোনো না কোনো গুণ দিয়ে পাঠিয়েছেন, সেটা কাজে লাগান। এসব নকল প্রোফাইল বন্ধ করুন।”
প্রভার এই বক্তব্য সামাজিক মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই তার পাশে থাকার কথা জানিয়েছেন এবং ফেক আইডি বন্ধে রিপোর্ট করার আহ্বান জানিয়েছেন।