আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ১৮ হাজার ৬৫০ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। গত ২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী পরিচালিত এক নিরাপত্তা অভিযানে এসব প্রবাসীকে আটক করা হয়।
রোববার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি সংবাদমাধ্যম অ্যারাবিয়ান বিজনেস এই তথ্য জানিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তার হওয়াদের মধ্যে ১০ হাজার ৬৭৩ জন আবাসন আইন, ৩ হাজার ৮২২ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৪ হাজার ১৭৮ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন।
এছাড়া সৌদি সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৪৭৯ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৫৯ শতাংশ ইয়েমেনি, ৪০ শতাংশ ইথিওপিয়ান এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
একই সময়ে অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও ৫২ জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি দেশটিতে অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিবহনের দায়ে সৌদি নাগরিকসহ ১৭ জনকেও আটক করা হয়েছে।
বর্তমানে সৌদি আরবে মোট ৩১ হাজার ১৫ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এদের মধ্যে ২৯ হাজার ১৭২ জন পুরুষ এবং ১ হাজার ৮৪৩ জন নারী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তার হওয়াদের মধ্যে ২৫ হাজার ৪৭৮ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর জন্য কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। ইতোমধ্যে ১১ হাজার ৫৪৪ জন প্রবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
অপরদিকে ২ হাজার ১৩৯ জনকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে।
সৌদি আরবে অবৈধ অনুপ্রবেশে সহায়তার শাস্তি হিসেবে ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার সতর্ক করে বলেছে—আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
মরু অঞ্চলভিত্তিক এই দেশটিতে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ প্রবাসী শ্রমিক, যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসে কাজ করছেন।
দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো নিয়মিতভাবে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান এবং অবৈধ অভিবাসীদের আটকের খবর প্রকাশ করে থাকে।