সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পৃথক সাক্ষাৎ করেছেন।
সকালে তিনি প্রথমে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় যান এবং সেখানে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটসহ নিরাপত্তা বিষয়ক বিভিন্ন প্রসঙ্গে আলোচনা হয় বলে জানা গেছে। এরপর সেনাপ্রধান বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।
এর আগে রোববার তিনি দেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সম্প্রতি চীন সফর শেষ করে দেশে ফিরেছেন সেনাপ্রধান। ২১ আগস্ট সরকারি সফরে তিনি চীনে যান এবং ২৮ আগস্ট দেশে ফেরেন। সফরকালে তিনি বেইজিংয়ে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) স্থলবাহিনীর পলিটিক্যাল কমিশনার জেনারেল চেন হুই-সহ চীনের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
চীনের পিএলএ সদর দপ্তরে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। আলোচনায় দ্বিপক্ষীয় সহযোগিতা, সামরিক শিল্পের উন্নয়ন, এবং রোহিঙ্গা প্রত্যাবর্তন ইস্যুতে চীনের সহায়তা নিয়ে আলোচনা হয়।
অন্যদিকে, দেশের রাজনৈতিক অঙ্গনে প্রধান উপদেষ্টার তৎপরতা অব্যাহত রয়েছে। রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করেন তিনি। ওই বৈঠকে ড. ইউনূস জানান, আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
আগামীকাল, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। বিকাল ৫টায় যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে এসব বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।