আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ তিন দিনের সফরে ঢাকায় আসছেন। আগামীকাল, ২ সেপ্টেম্বর মঙ্গলবার, তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) আমন্ত্রণে বাংলাদেশে পৌঁছাবেন।
চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম বাংলাদেশ সফর। সফরের মূল উদ্দেশ্য হলো দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অর্জিত অভিজ্ঞতা বিনিময় করা।
টিআইবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সফরকালে ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ টিআইবির কর্মসূচি, সাফল্য এবং চ্যালেঞ্জ সম্পর্কে সরাসরি অবহিত হবেন। তিনি টিআইবির কর্মকর্তা, সারা দেশের ৪৫টি অঞ্চলে গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সভাপতি, এবং তরুণদের প্ল্যাটফর্ম ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস)-এর নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।
এছাড়া তিনি সরকারি ও বেসরকারি খাতের বিভিন্ন অংশীজন, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গেও মতবিনিময় করবেন বলে জানা গেছে।
প্রখ্যাত শিক্ষাবিদ ও গবেষক ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ ২০১৯ সাল থেকে টিআই-এর আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত রয়েছেন। এর আগে তিনি ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত টিআই-ফ্রান্সের বোর্ডে কাজ করেছেন। এই সময় তিনি বৈশ্বিক পর্যায়ে অবৈধ অর্থপ্রবাহ ও অর্থপাচার বিরোধী কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে তার উদ্যোগেই জি-২০ পর্যায়ে আর্থিক নিয়ন্ত্রণ ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ক কার্যক্রম শুরু হয়।
টিআইবির পক্ষ থেকে আশা করা হচ্ছে, তার এ সফর দুর্নীতিবিরোধী কার্যক্রমে নতুন দিক উন্মোচনে সহায়ক হবে।