বাহাদুর শাহ পার্ক থেকে লক্ষীবাজার পর্যন্ত বিজয় র্যালি | বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন মিয়া ও শহীদুল্লাহ কালুকে ক্রেস্ট ও উত্তরীয় প্রদান
মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা মৈত্রীর উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক থেকে শুরু হয়ে লক্ষীবাজারে এসে শেষ হয়। বিজয় র্যালিতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন মিয়া ও শহীদুল্লাহ কালুকে ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। তাঁদের বীরত্ব ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন আয়োজক ও অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ ও ঢাকা বিষয়ক গবেষক হাশেম সূফী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নুরুল কবির। তাঁরা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, বিজয় দিবসের তাৎপর্য এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ঢাকা মৈত্রীর সাধারণ সম্পাদক এ আই জাভেদ। সভাপতিত্ব করেন মোঃ মোরসালিন বাবু। তিনি বলেন, মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের গর্ব ও অনুপ্রেরণার উৎস—এই চেতনা ধারণ করেই আগামীর বাংলাদেশ গড়তে হবে।