নারায়ণগঞ্জ প্রতিনিধি : রাজধানী ঢাকার পানির কষ্ট দূর করতে বড় সুখবর। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই মেঘনা নদীর পানি শোধন করে ঢাকায় পরীক্ষামূলক সরবরাহ শুরু হতে যাচ্ছে।
আজ সোমবার (৮ জুন) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুরে ঢাকা ওয়াসার মেগা প্রকল্প ‘এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই’ (ডিইএসডব্লিউএস) পরিদর্শন শেষে এই তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রকল্পের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী জানান, মেগা প্রকল্পটির ৯৭ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বাকি কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এক নজরে মেগা প্রকল্পের মূল তথ্য:
পানির উৎস: মেঘনা নদী।
প্রথম ধাপের সরবরাহ: দৈনিক ৫০ কোটি লিটার।
চূড়ান্ত লক্ষ্য: দুই ধাপ মিলিয়ে দৈনিক ১০০ কোটি লিটার।
বর্তমান অগ্রগতি: ৯৭% কাজ সম্পন্ন।
পরীক্ষামূলক চালু: চলতি বছরের ডিসেম্বর (২০২৬)
ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমবে পরিদর্শনকালে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল বলেন, “রাজধানীতে দীর্ঘদিন ধরে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভর করায় পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাচ্ছিল। এতে ভবিষ্যতে ভয়াবহ পানি সংকটের ঝুঁকি ছিল। এই সংকট থেকে মুক্তি পেতেই মেঘনা নদীর পানি শোধন করে ঢাকায় সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, এই শোধনাগারটি পূর্ণাঙ্গভাবে চালু হলে ঢাকা ওয়াসার মাধ্যমে রাজধানীতে দৈনিক ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা যাবে। এছাড়া আগামী এক বছরের মধ্যে অনুরূপ আরও একটি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে অতিরিক্ত আরও ৫০ কোটি লিটার পানি সরবরাহের সুযোগ সৃষ্টি করা হবে।
”চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই আংশিক ও পরীক্ষামূলক পানি সরবরাহ শুরু করার পরিকল্পনা রয়েছে। আগামী এক বছরের মধ্যে প্রকল্পটি সম্পূর্ণ চালু হবে।”
— মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার মন্ত্রী।
দৈনিক মিলবে ১০০ কোটি লিটার পানি
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম জানান, প্রথম ধাপে প্রতিদিন ৫০ কোটি লিটার পানি রাজধানীতে সরবরাহ করা হলেও, দ্বিতীয় ধাপের কাজ শেষ হলে আরও ৫০ কোটি লিটার পানি যুক্ত হবে। ফলে দুই ধাপ মিলিয়ে দৈনিক পানি সরবরাহ সক্ষমতা দাঁড়াবে ১০০ কোটি লিটারে, যা রাজধানীর পানির চাহিদা পূরণে বড় ভূমিকা রাখবে।
এর আগে মন্ত্রী রূপসী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের সেজান পয়েন্টে প্রকল্পের পানির উৎস পাইপলাইন স্থাপন কাজ এবং শোধনাগারের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।
এ সময় মন্ত্রীর একান্ত সচিব ড. মো. মনিরুজ্জামান, ঢাকা ওয়াসার এমডি মো. আমিনুল ইসলাম, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির, প্রকল্প পরিচালক ওয়াহিদুল ইসলাম মুরাদ এবং পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।