
ঝিনাইদহ প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রীরামচন্দ্রের অবমাননা এবং মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।
মানববন্ধনে ব্যানার-ফেস্টুন নিয়ে সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কানন কুমার দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক চন্দন বসু মুক্ত, সদস্য সচিব অরুণ কুমার ঘোষ, যুগ্ম আহ্বায়ক প্রসেনজিৎ ঘোষ শিপন, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সাধন সরকার, ছাত্র ঐক্য পরিষদের সভাপতি বিনয় কুমার বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা গাইবান্ধার পলাশবাড়ী এলাকায় সংঘটিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং উপাসনালয়কে হুমকি দেওয়ার মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ সময় বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সকল ধর্মাবলম্বীর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।





