
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুষ্টিয়ায় আন্দোলন-সংগ্রামে প্রাণ উৎসর্গকারী শহীদদের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) কুষ্টিয়া জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
বুধবার (৫ আগস্ট) দুপুর ২টার দিকে কুষ্টিয়া পৌর গোরস্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া পৌর গোরস্থানে শায়িত শহীদ আব্দুল্লাহ আল মোস্তাকিন, শহীদ ইউসুফ শেখ ও শহীদ মো. আশরাফুল ইসলামের কবর জিয়ারত করেন উপস্থিত নেতৃবৃন্দ। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সুলতান মারুফ তালহা, কেন্দ্রীয় সদস্য শোয়েব হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মো. হাবিবুর রহমান এবং জুলাই রিভোলিউশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সদস্য মাসুম বিল্লাহসহ জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এনসিপি নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগের ওপর ভিত্তি করেই নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। শহীদদের আত্মত্যাগ যাতে ব্যর্থ না হয়, সে জন্য ফ্যাসিবাদমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।





