রাজধানী-র মিরপুর এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে ট্রাফিক মিরপুর বিভাগ। পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এই অভিযান জোরদার করা হয়েছে।
ডিসি ট্রাফিক মিরপুর জনাব মোহাম্মদ ছানোয়ার হোসেন (পিপিএম-বার)-এর দিকনির্দেশনায় এবং স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত এই অভিযানে একযোগে কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় কার্যক্রম চালানো হয়। এর মধ্যে সনি স্কয়ার, ঈদগাহমাঠ, রাইনখোলা এবং চিড়িয়াখানা রোড উল্লেখযোগ্য।
অভিযান চলাকালে ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট, দোকানের বর্ধিত অংশ এবং বিভিন্ন মালামাল উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে এসব অবৈধ স্থাপনার কারণে পথচারীরা ভোগান্তির শিকার হচ্ছিলেন।
আইন অমান্য করে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ৪টি দোকানকে মোট ৬৭,০০০ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি একজনকে আটক করা হয়েছে এবং আরও ৪ জনের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। এছাড়া উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ মালামাল জব্দ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন এডিসি ট্রাফিক মিরপুর বিভাগ, এসি ট্রাফিক মিরপুর জোন, এসি পেট্রোল মিরপুর জোনসহ ট্রাফিক বিভাগ, থানা ও ফাঁড়ির অন্যান্য সদস্যরা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নগরবাসীর স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে এবং ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।