
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের কলেজ শাখা।
কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার (১৪ জুন) কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি কলেজের প্রধান ফটক থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, ছাত্রশিবির গুম ও অপহরণের ঘটনা নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে এবং অনলাইনে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। পাশাপাশি তারা শিবিরের কিছু নেতা-কর্মীর বিরুদ্ধে নারী নির্যাতন ও ধর্ষণের অভিযোগের প্রসঙ্গও তুলে ধরেন।
বক্তারা বলেন, “দেশের গণতান্ত্রিক পরিবেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অপতৎপরতা চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।”
তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ছাত্রদল সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একই দিনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে।
তবে এ বিষয়ে ইসলামী ছাত্রশিবিরের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এছাড়া কলেজ প্রশাসনের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সচেতন শিক্ষার্থীরা অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটনের দাবি জানিয়েছেন।




