সিপিএল ২০২৫-এর উত্তেজনায় ভরা এক ম্যাচে দেখা গেল অদ্ভুত এক ক্রিকেট মুহূর্ত—এক বলে হজম হলো তিনটি ছক্কা! ২৬ আগস্ট সেন্ট লুসিয়া কিংস বনাম গায়ানা আমাজন ওয়ারিয়র্স ম্যাচে এমন নাটকীয় দৃশ্যের জন্ম দেন পেসার ওশান টমাস।
গায়ানার ইনিংসের ১৫তম ওভারে বল করতে আসেন সেন্ট লুসিয়ার টমাস। প্রথম দুটি বলে রান আসে ৪। এরপর তৃতীয় বলটি প্রথমে ডট বল মনে হলেও পরে আম্পায়ার সেটিকে ‘নো’ বল ঘোষণা করেন। পরবর্তী ফ্রি হিটে টমাস দেন ওয়াইড, পরপর দুটি ‘নো’ বলেও ছক্কা হাঁকান রোমারিও শেফার্ড। তিনটি ফ্রি হিটে তিনটি ছক্কা, আর সেই একটি বলেই ওঠে ২২ রান! পুরো ওভারে ১০টি বল খরচ করে টমাস দেন ৩৩ রান।
শেফার্ডের ব্যাটিং তাণ্ডব এখানেই থামে না। ৩৪ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন তিনি, হাঁকান ৫টি চার ও ৭টি ছক্কা। ইনিংস শেষে গায়ানা সংগ্রহ করে ৬ উইকেটে ২০২ রান।
পরে লক্ষ্য তাড়া করতে নেমে সেন্ট লুসিয়া কিংস ৪ উইকেটে জয় তুলে নেয়। দলের পক্ষে সবচেয়ে বড় ভূমিকা রাখেন এমিক অগাস্টিন, যিনি ৩৫ বলে করেন ৭২ রান (৬টি চার ও ৪টি ছক্কা)।
এক বল থেকে ২২ রান—ক্রিকেট ইতিহাসে বিরল এই ঘটনা সিপিএলের রোমাঞ্চ আরও বাড়িয়ে দিয়েছে।