দীর্ঘ ৩৫ বছর পর রাজধানীর নবাববাড়ি পুকুর পাড় এলাকায় আবারও ফিরে আসছে বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। স্থানীয়দের উদ্যোগ ও নবাববাড়ি এ্যাংলিং ও পুকুর পরিচালনা কমিটির সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এই জমজমাট আয়োজন, যা ইতোমধ্যেই এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু নৌকা বাইচই নয়, দিনব্যাপী এই অনুষ্ঠানে থাকছে সাঁতার প্রতিযোগিতা, ওয়াটার পোলো, ডাক হ্যান্ড, “যেমন খুশি তেমন সাজো” প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশগ্রহণ করবে বিভিন্ন এলাকার প্রতিযোগী ও সাংস্কৃতিক কর্মীরা।
অনুষ্ঠান পরিচালনা করছেন নবাববাড়ি এ্যাংলিং ও পুকুর পরিচালনা কমিটির সভাপতি ওয়কিল আহমেদ জাজু এবং সাধারণ সম্পাদক খাজা মোঃ মোরশেদ। এ আয়োজন সফল করতে সার্বিক সহযোগিতা করছেন সাবাউদ্দিন খান বাবু, খাজা ফাইয়াজ আরজু কালু, খাজা কাইয়ুম রেজা, খাজা সামসুদ্দিন, খাজা ওয়াসেফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রতিমন্ত্রী, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের জনাব ইশরাক হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকা-৭ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হামিদুর রহমান হামিদ। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভী খাজা আব্দুল্লাহ ওয়েল ফেয়া ট্রাস্টের ট্রাস্টিবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন ইসলামপুর বস্ত্রব্যবসায়ী সমিতির আহ্বায়ক জনাব আলহাজ্ব আব্দুল সাত্তার ডালি, ঢাকা মহানগর বিএনপি (দক্ষিণ)-এর যুগ্ম আহ্বায়ক জনাব সাইদুর রহমান মিন্টু এবং বিশিষ্ট সমাজসেবক জনাব খাজা আহসানুল হক ভোলা।
আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করাই তাদের মূল লক্ষ্য। দীর্ঘদিন পর এমন আয়োজন ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।
এলাকাবাসী আশা প্রকাশ করেন, প্রতিবছরই যেন এ ধরনের ঐতিহ্যবাহী আয়োজন নিয়মিতভাবে অনুষ্ঠিত হয় এবং এটি একটি স্থায়ী উৎসবে পরিণত হয়।







