গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে একযোগে পরিবর্তন আনা হয়েছে। রোববার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এই তথ্য নিশ্চিত করেছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশে এ বদলির সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের উপ-কমিশনার মহিউদ্দিন আহমেদ জানান, টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলামকে চট্টগ্রাম রেঞ্জে এবং টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমানকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে।
বদলির কারণ সম্পর্কে সরাসরি কিছু জানানো না হলেও, কর্মকর্তারা জানিয়েছেন এটি একটি নিয়মিত প্রক্রিয়ার অংশ। তবে হঠাৎ একযোগে দুই থানার শীর্ষ কর্মকর্তার বদলিকে ঘিরে স্থানীয়ভাবে নানান আলোচনা ও জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে।
টঙ্গী অঞ্চলের গুরুত্ব বিবেচনায় বিষয়টি আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। রাজধানীর প্রবেশদ্বার হিসেবে পরিচিত টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ। এখানকার ১৯টি বস্তি এলাকায় মাদক বেচাকেনা, ছিনতাই, অপহরণসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড নিয়মিতভাবে ঘটে থাকে, যা নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা সবসময়ই গুরুত্বপূর্ণ।
স্থানীয়রা মনে করছেন, এই পরিবর্তনের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসতে পারে, আবার কেউ কেউ এটিকে প্রশাসনিক পুনর্বিন্যাস হিসেবে দেখছেন।
জিএমপির পক্ষ থেকে নতুন দুই ওসির নাম শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।