বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অংশ হিসেবে গফরগাঁও উপজেলা বিএনপির নেতাকর্মীরা ট্রেন শোডাউনের মাধ্যমে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশে যোগ দিয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল থেকেই গফরগাঁও, মশাখালী এবং কাওরাইদ রেলস্টেশনে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীদের ঢল নামে।
বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও কৃষকদলের হাজারো নেতাকর্মী মিছিল সহকারে স্টেশনগুলোর সামনে জড়ো হন। এরপর বলাকা কমিউটার, জামালপুর কমিউটার, মহুয়া কমিউটার, তিস্তা এক্সপ্রেস ও জামালপুর এক্সপ্রেসে করে তারা ময়মনসিংহ অভিমুখে রওনা দেন।
ময়মনসিংহ নগরীর কৃষ্ণচূড়া চত্বর থেকে একটি বিশাল র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারবিরোধী স্লোগান ও ‘গুম-খুনের বিচার চাই’ শ্লোগানে মুখরিত হয় নগরী। নেতাকর্মীরা বলেন, “দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটাধিকার রক্ষা এবং ফ্যাসিবাদী সরকারের পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
দলীয় সূত্র জানায়, এই শোডাউন ছিল শান্তিপূর্ণ এবং পরিকল্পিত। সমাবেশে কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন এবং আগামী দিনের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।