বরগুনার আমতলী উপজেলায় শিশুদের বিনোদনের জন্য একটি আধুনিক মানের পার্ক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খান।
উপজেলা পরিষদের উত্তর পাশে প্রায় ৫০ শতাংশ জমির ওপর গড়ে তোলা এ পার্কে শিশুদের খেলাধুলা ও বিনোদনের জন্য অর্ধশতাধিক রাইড বসানো হয়েছে। এছাড়া সামনের পুকুরে শিশুদের জন্য রাখা হয়েছে প্যাডেল বোট। উদ্বোধনের পরপরই শতাধিক শিশু ও তাদের অভিভাবক পার্কে ভিড় জমায়।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনওর পত্নী আমেনা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা মো. ফিরোজ আলম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিআরডিবির চেয়ারম্যান মাঈনুদ্দিন মামুন, বিএনপি নেতা মো. জামাল হোসেনসহ সাংবাদিক, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
পার্কে খেলতে আসা শিশু জায়ান আনন্দ প্রকাশ করে জানায়, “এখানে এসে আমার খুব ভালো লাগছে। এখানে বাঘ, হরিণ, ময়ূর, জিরাফ, ঈগলসহ নানা রকমের খেলনা রয়েছে। এখন থেকে প্রতিদিন আমরা এখানে মজা করে খেলতে পারবো।” অভিভাবক রাবেয়া বেগম বলেন, “ইউএনও স্যারের উদ্যোগে আমাদের শিশুরা এখন নিরাপদ পরিবেশে খেলতে পারবে। এজন্য আমরা কৃতজ্ঞ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইউএনও মো. রোকনুজ্জামান খান বলেন, “আমতলী উপজেলায় শিশুদের বিনোদনের মতো কোন জায়গা ছিল না। শিশুদের মেধা বিকাশ ও মানসিক স্বাস্থ্যের জন্য বিনোদন অত্যন্ত জরুরি। সেই বিষয়টি বিবেচনায় রেখে এই পার্কটি নির্মাণ করেছি। আশা করি শিশুরা প্রতিদিন এখানে এসে আনন্দে সময় কাটাবে।” তিনি আরও বলেন, “শিশুদের জন্য নির্মিত এ পার্কটি পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে অভিভাবকদের সচেতন ভূমিকা রাখতে হবে।”
উদ্বোধনের দিন থেকেই পার্কটি শিশুসহ অভিভাবকদের পদচারণায় মুখর হয়ে ওঠে। স্থানীয়রা মনে করছেন, এ পার্ক শিশুদের মানসিক বিকাশে সহায়ক হওয়ার পাশাপাশি পরিবারগুলোর জন্য একটি আনন্দঘন মিলনস্থল হিসেবে ভূমিকা রাখবে।