সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে নির্বাচনে অংশগ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন। শনিবার রাতে রাজশাহীর একটি হোটেলের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই ঘোষণা দেন।
ব্যারিস্টার মিলনের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার মহিষালবাড়িতে। তিনি দেশ ও বিদেশে উচ্চশিক্ষা লাভ করেছেন এবং দীর্ঘদিন ধরে আইন পেশায় নিয়োজিত আছেন। প্রয়াত বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের নিকটাত্মীয় হিসেবে পরিচিত মিলন, নিজের এলাকার সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করছেন।
মিলন জানান, গোদাগাড়ী ও তানোর এলাকার সর্বস্তরের মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তার। তিনি এই অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দেশ ও এলাকার উন্নয়নে বড় অবদান রাখতে রাজশাহী-১ থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যার পেছনে দুই উপজেলার জনগণের সমর্থন রয়েছে।
তিনি বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি চাই, রাজনীতি হবে সেবার মাধ্যমে, ক্ষমতার জন্য নয়। তানোর ও গোদাগাড়ী এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো উন্নয়ন আমার প্রধান লক্ষ্য।”
ব্যারিস্টার মিলন আরও জানান, আইনের শাসন প্রতিষ্ঠা, গণতন্ত্রের উন্নয়ন ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় তিনি কাজ করে যাবেন। এ লক্ষ্যে সাংবাদিক সমাজের সহযোগিতাও প্রত্যাশা করেন। তার রাজনীতির মূল উদ্দেশ্য থাকবে জনগণের কল্যাণ নিশ্চিত করা।