খুলনার দিঘলিয়া উপজেলায় টিসিবির কম দামে পণ্য দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রামবাসীর কাছ থেকে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর সংগ্রহ—এমন অভিনব প্রতারণার ফাঁদে পা দেওয়ার আগেই ধরা পড়ল একটি চক্র। স্থানীয় জনতার তৎপরতায় চক্রের প্রধান পল্লব সাহাসহ ৭ সদস্য আটক হয়েছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার গাজীরহাট ইউনিয়নর কেটলা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ১১০০ টাকার টিসিবি পণ্য মাত্র ৪৫০ টাকায় দেওয়ার প্রলোভন দেখিয়ে সহজ-সরল মানুষের এনআইডি কার্ড ও মোবাইল নম্বর সংগ্রহ করছিল তারা।
৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খোকন বিশ্বাসের বাড়িতে গিয়ে তথ্য নেওয়ার সময় সন্দেহ তৈরি হলে স্থানীয়রা তাদের আটক করে প্রশাসনকে খবর দেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হারুন অর রশিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত প্রতারক চক্রের সদস্যদের ১৫ হাজার টাকা জরিমানা করেন এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
ইউএনও জানান, বর্তমানে গ্রামাঞ্চলে বিভিন্ন কৌশলে প্রতারণা বেড়েছে। জনপ্রতিনিধি ও সচেতন মহলকে এ বিষয়ে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্দেহজনক যেকোনো কার্যক্রম দেখলেই দ্রুত প্রশাসনকে জানাতে হবে।