বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদকে এবার হত্যাচেষ্টা মামলায় দুই দিনের রিমান্ডে দিয়েছে আদালত। একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী রিয়াদুল হাওলাদার, আলিফ আহম্মেদ আশিক ও সায়েম শিকদারের রিমান্ড আবেদন ও জামিন আবেদন নামঞ্জুর হয়েছে।
প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তাদের গ্রেফতার করে পুলিশ। পরদিন তাদের কারাগারে পাঠানো হয়।
গত রোববার মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আরমান আলী আসামিদের পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির দিন বৃহস্পতিবার ঠিক করেন।
এদিন শুনানিকালে তাদের আদলতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন।
রিয়াদের পক্ষে আইনজীবী জাকির হোসাইন এবং অন্য তিন আসামির পক্ষে সাখাওয়াত হোসেন রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন।
তিন আসামির আইনজীবী সাখাওয়াত হোসেন আদালতে বলেন যে,তারা চাকরি পরীক্ষার্থী। এই বিবেচনায় তাদের জামিন প্রার্থনা করছি।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী নির্জন সরদার বাঁধন বাদী হয়ে রাজ্জাকসহ ১১ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা মামলা করেন। এতে অচেনা ১০/২২ জনকে আসামি করা হয়।
বৃহস্পতিবার (৫ মার্চ) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।