চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানার আওতাধীন এলাকায় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ‘ডিজিটাল ডট নেট (ডিডিএন)’–এ চাঁদা দাবিকে কেন্দ্র করে সংঘটিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নতুন করে আরও ১০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় হামলায় ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মোট গ্রেপ্তার হলেন ২২ জন।
পুলিশ সূত্রে জানা গেছে, চকবাজার থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে চট্টগ্রামের রাউজান উপজেলা থেকে হামলায় ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করে। একই সময় অ্যাম্বুলেন্সটির চালক মো. মহিউদ্দিন (৩১)–কে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, শনিবার (১৯ জুলাই) র্যাব-৭, চট্টগ্রাম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে আরও নয়জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
উল্লেখ্য, ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ‘ডিজিটাল ডট নেট (ডিডিএন)’–এ চাঁদা দাবিকে কেন্দ্র করে সংঘটিত হামলার ঘটনায় এ পর্যন্ত মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) ও র্যাব জানিয়েছে, চাঁদাবাজি, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধে জড়িত কাউকেই আইনের বাইরে থাকতে দেওয়া হবে না।







