মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের অস্থায়ী ক্যাম্পে জলদস্যুদের হামলার ঘটনায় দ্রুত যৌথ বাহিনী অভিযান চালাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (২৬ আগস্ট) কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি জানান, সোমবার রাতে গজারিয়ায় নৌ-ডাকাতদের গুলিবর্ষণের ঘটনায় পুলিশ পাল্টা জবাব দেয়। দুই পক্ষের মধ্যে প্রায় ৩০ মিনিট ধরে চলা গোলাগুলিতে এখন পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করা যায়নি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “লুট করা অস্ত্র ব্যবহার করে পুলিশ ক্যাম্পে হামলার বিষয়টি অত্যন্ত গুরুতর। এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে যৌথ বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।”
এ সময় তিনি শুভাঢ্যা খাল দখল ও দূষণ রোধে স্থানীয় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “এই এলাকায় ভূমিদস্যুরা সক্রিয়। তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে এদের নিজ এলাকাতেই অবস্থিত জেলখানায় রাখার ব্যবস্থা করা হবে।”
তিনি আরও জানান, খাল পুনরুদ্ধারে সরকারের কঠোর অবস্থান রয়েছে এবং খাল দখল ও দূষণের বিরুদ্ধে স্থানীয় পর্যায়ে প্রতিরোধ গড়ে তোলা জরুরি।