সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এবং তাঁর স্ত্রী শেরীফা কাদেরের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে এই আদেশ দেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক (গণসংযোগ) মো. আকতারুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা গেছে, জিএম কাদের ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চলছে। তদন্ত প্রক্রিয়া ব্যাহত হতে পারে এমন আশঙ্কায় তাঁদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা চেয়ে দুদক আদালতে আবেদন করে।
আদালত আবেদনটি আমলে নিয়ে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।
এ বিষয়ে এখনো জিএম কাদের বা তাঁর পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।