দেশজুড়ে চলছে প্রচণ্ড গরমের দাপট। কখনও প্রচণ্ড রোদ, তো পরক্ষণেই হঠাৎ বৃষ্টি—এই অদ্ভুত আবহাওয়ার রদবদলে সাধারণ মানুষ পড়ছে নানা স্বাস্থ্য সমস্যায়। ঘেমে একাকার, ক্লান্তিতে নাভিশ্বাস—তাপপ্রবাহে এমন পরিস্থিতিতে স্বস্তির খোঁজে মানুষ যখন হিমশিম খাচ্ছে, তখন একগ্লাস ঠান্ডা ডাবের পানি হতে পারে প্রকৃতির দেওয়া শ্রেষ্ঠ উপহার।
এই গরমে শরীর থেকে ঘামের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে বিপুল পরিমাণ পানি ও লবণ। ফলে দেখা দিচ্ছে পানিশূন্যতা, ক্লান্তি এবং দুর্বলতা। এমন অবস্থায় ডাবের পানি শুধুই যে তৃষ্ণা মেটায় তা নয়, বরং শরীরকে দেয় তাৎক্ষণিক প্রশান্তি ও শক্তি।
বিশেষজ্ঞদের মতে, ডাবের পানিতে রয়েছে প্রাকৃতিক কার্বোহাইড্রেট, যা দ্রুত শক্তি জোগাতে সাহায্য করে। এতে থাকা প্রাকৃতিক চিনি, ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম শরীরকে রাখে আর্দ্র ও শীতল। নিয়মিত ডাবের পানি পান করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, হজম প্রক্রিয়া উন্নত হয় এবং অ্যাসিডিটির সমস্যাও নিয়ন্ত্রণে থাকে।
এছাড়াও, ডাবের পানিতে থাকা ফাইবার পাচনতন্ত্রকে সক্রিয় রাখে, ফলে হজমের সমস্যা অনেকটাই কমে যায়। এতে আছে ক্যালসিয়াম, যা হাড়ের গঠন মজবুত করতে সাহায্য করে। শুধু তাই নয়, ত্বকের ইনফেকশন প্রতিরোধেও ডাবের পানির রয়েছে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ।
এই গরমে সুস্থ থাকতে প্রতিদিনের খাদ্যতালিকায় ডাবের পানি রাখা যেতে পারে এক সহজ অথচ কার্যকর উপায় হিসেবে। রাস্তার ফলের রস কিংবা কৃত্রিম পানীয়ের বদলে বেছে নিন প্রকৃতির নিখাদ এই উপহার—ডাবের পানি।