আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে লিবিয়ার ত্রিপলি ও জাওয়াইয়া কারাগারে বন্দি ভিরগানাই ২৬ জনসহ মোট ২৬ জন বাংলাদেশির মুক্তির দাবিতে এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রবাসীদের অধিকার ও মানবিক মর্যাদা রক্ষার লক্ষ্যে আয়োজিত এ সমাবেশে অবিলম্বে বন্দি রেমিট্যান্সযোদ্ধাদের মুক্তির জোরালো দাবি জানানো হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাহামুদুর রহমান মান্না, সভাপতি, নাগরিক ঐক্য।
সভাপতিত্ব করবেন মোঃ মঞ্জুর হোসেন ঈসা, প্রধান সমন্বয়ক, প্রবাসীদের ডাক।
এ কর্মসূচিতে লিবিয়ার কারাগারে বন্দি বাংলাদেশিদের স্বজনরা সরাসরি অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধি এবং প্রবাসী অধিকারকর্মীরাও উপস্থিত থাকবেন বলে জানিয়েছে আয়োজক সংগঠন প্রবাসীদের ডাক।
আয়োজকদের বক্তব্য অনুযায়ী, লিবিয়া, সৌদি আরব, দুবাইসহ বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধারা নানা আইনি ও প্রশাসনিক জটিলতায় বছরের পর বছর বন্দিজীবন কাটাচ্ছেন। অথচ দেশের অর্থনীতিতে তাঁদের অবদান অপরিসীম। এই প্রেক্ষাপটে অবিলম্বে কূটনৈতিক তৎপরতা জোরদার করে বন্দিদের মুক্তি নিশ্চিত করার দাবি জানানো হবে।
স্থান: জাতীয় প্রেসক্লাব
তারিখ: ১৮ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার
সময়: সকাল ১১টা
সমাবেশ থেকে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসগুলোর প্রতি আহ্বান জানানো হবে—মানবিক বিবেচনায় দ্রুত পদক্ষেপ নিয়ে প্রবাসী রেমিট্যান্সযোদ্ধাদের বন্দীশালা থেকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।