দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান দাবি করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে সংঘটিত বেশ কিছু জঙ্গি হামলার ঘটনা ছিল “সাজানো নাটক”। তিনি বলেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক তার বইয়ে এসব ঘটনার মূল রহস্য উন্মোচন করেছেন।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য প্রদান ও জেরা চলাকালীন এসব মন্তব্য করেন তিনি। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং চৌধুরী মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দেন মাহমুদুর রহমান।
তিন দিনের সাক্ষ্য শেষে তিনি বলেন- এই বিচারের মাধ্যমে শহিদ পরিবার, আহত যোদ্ধা ও তাদের স্বজনদের শোক কিছুটা লাঘব হোক এটাই আমার কামনা।
এর আগে সোমবার প্রথম দিনের সাক্ষ্যে তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে বিচার বিভাগকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন এবং ধীরে ধীরে ফ্যাসিবাদী শাসনের পথে হাঁটছেন। মঙ্গলবার দ্বিতীয় দিনের সাক্ষ্যে তিনি বলেন- যেমন হিটলারের বিরুদ্ধে বিশ্ব বলেছিল ‘নেভার এগেইন’, আমরাও চাই বাংলাদেশে আর কখনো ফ্যাসিস্ট শাসন ফিরে না আসুক।
আসামিপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, মাহমুদুর রহমানের এ বক্তব্য মামলার গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হচ্ছে এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এটি একটি বড় প্রশ্ন তৈরি করেছে।