কক্সবাজার-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর পক্ষে ভোট চাওয়ার সময় একটি বিতর্কিত ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা উখিয়ার রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় তোলে। ভিডিওতে ‘বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সবাইকে ভাই ভাই’ বলে মন্তব্য করেছেন উখিয়ার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ বিএনপির সভাপতি জামাল মাহমুদ চৌধুরী।
স্থানীয় সূত্রে জানা যায়, জামাল মাহমুদ চৌধুরী পাড়া-মহল্লায় হাতে ছবি-সংবলিত লিফলেট নিয়ে এ বক্তব্য প্রদান করেন। ভিডিওতে তিনি বলেন, “বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি, আমরা সবাই ভাই ভাই। আমরা সবাই মিলে শাহজাহান চৌধুরীর পক্ষে ধানের শীষে ভোট চাই।” এছাড়াও তিনি বলেন, আগামী নির্বাচনে সবাই তাকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠাবে ইনশাআল্লাহ। বক্তব্য শেষে প্রার্থী শাহজাহান চৌধুরীর বিজয়ের জন্য মোনাজাতও করা হয়।
ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তুলছেন, দলীয় নীতিমালা ও অবস্থানের বাইরে গিয়ে এমন বক্তব্য দেওয়া কতটুকু যৌক্তিক ও গ্রহণযোগ্য। বিএনপির এক অভিজ্ঞ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এ ধরনের বক্তব্য বিএনপির ক্ষতি করার পরিকল্পিত প্রচেষ্টা। এখনও ছাত্রজনতার রক্ত শুকায়নি, লাশের গন্ধ রয়ে গেছে। এই পরিস্থিতিতে স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টিকে পুনর্বাসনের চেষ্টা জাতির সঙ্গে বেইমানি এবং বিএনপির জন্য মারাত্মক ক্ষতিকর।”
বিএনপি নেতা জামাল মাহমুদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করলে তিনি যুগান্তরকে বলেন, “আমরা পাড়ায় পাড়ায় গিয়ে ধানের শীষের প্রচারণা করেছি। লিফলেট বিতরণের সময় আমার দেওয়া বক্তব্যের মধ্যে কিছু খারাপ কিছু ছিল না। তবে ভিডিও থেকে কিছু অংশ কেটে নিয়ে প্রচার করা হয়েছে।”
উখিয়ার রাজনৈতিক মহলে এই ঘটনার পর থেকে বিএনপির অভ্যন্তরীণ ভাবমূর্তি নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। নির্বাচনের আগে দলীয় শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখা কতটা সম্ভব হবে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।