বগুড়া শহরের ব্যস্ততম চেলোপাড়া ব্রিজের ওপর ভ্রাম্যমাণ বাজার বসিয়ে ব্যবসা করছেন একাধিক ক্ষুদ্র ব্যবসায়ী। এতে ব্রিজ দিয়ে চলাচলকারী পথচারী ও যানবাহনের চালকদের দুর্ভোগ বাড়ছে। পাশাপাশি সংকুচিত হচ্ছে চলাচলের পথ, সৃষ্টি হচ্ছে দুর্ঘটনার আশঙ্কাও।
সরেজমিনে দেখা যায়, ব্রিজের একাংশজুড়ে বিভিন্ন ধরনের পণ্য সাজিয়ে বসেছেন ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। দোকানগুলো ব্রিজের উল্লেখযোগ্য অংশ দখল করে থাকায় পথচারীদের চলাচলের জায়গা অনেকটাই সংকুচিত হয়ে পড়েছে। ফলে অনেককে বাধ্য হয়ে যানবাহনের জন্য নির্ধারিত অংশ দিয়ে চলাচল করতে হচ্ছে, যা ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজের ওপর এভাবে ভ্রাম্যমাণ বাজার বসলেও তা অপসারণে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। বিশেষ করে সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে যানজটের পাশাপাশি পথচারীদের চলাচলেও মারাত্মক বিঘ্ন ঘটে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, নগরীর গুরুত্বপূর্ণ এই সেতুটি দখলমুক্ত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি। দ্রুত ভ্রাম্যমাণ বাজার অপসারণ করে ব্রিজের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে সংযুক্ত করা হবে।







