টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত রাঙামাটির নানিয়ারচর উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার পরিবারগুলোর মাঝে ত্রাণ ও শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (১৩ জুলাই) সকাল ১০টা থেকে নানিয়ারচর জোনের উদ্যোগে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, পিএসসি-এর দিকনির্দেশনায় পরিচালিত এ কার্যক্রমে জোনের দায়িত্বপূর্ণ ইসলামপুর ও ঘিলাছড়ি এলাকার ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ ও শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় নানিয়ারচর জোনের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম ইসলামপুর এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে আনুষ্ঠানিকভাবে ত্রাণসামগ্রী তুলে দেন। একই সময়ে ঘিলাছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. সায়েম আক্তার সৌধ ঘিলাছড়ি এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ত্রাণ ও শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এ কর্মসূচির আওতায় মোট ৩০টি ক্ষতিগ্রস্ত পরিবার মানবিক সহায়তা পায়।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সেনাবাহিনী সব সময় মানবিক সহায়তা দিয়ে আসছে। ভবিষ্যতেও জনসাধারণের প্রয়োজনে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।





