
কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ওষুধজাত মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়ার কাজিপুর বর্ডারপাড়া মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করে কুষ্টিয়া ৪৭ বিজিবির সদস্যরা।
৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে কাজিপুর বিওপির একটি টহল দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই এলাকায় অভিযান চালায়।
তিনি বলেন, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৬ বোতল ভারতীয় মদ, ৪০০টি ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৪ হাজার সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধার হওয়া এসব মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ১৩ লাখ ২৯ হাজার টাকা।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।







