কুষ্টিয়া থেকে ফরিদ আলী খান
ডিলার বা সাব-ডিলার না হওয়া সত্ত্বেও কৃষি বিপণন লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সার মজুদের অভিযোগে কুষ্টিয়ায় এক ব্যবসায়ীকে ৫০,০০০ টাকা জরিমানা করেছে কুষ্টিয়ার কৃষি বিপনন অধিদপ্তর ও খোকসা উপজেলা প্রশাসন। একইসঙ্গে জব্দ করা হয়েছে শত শত বস্তা সার।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, অভিযুক্ত মিজানুর রহসান প্রকৃত কৃষি ব্যবসায়ী নন এবং তার নামে কোনো বৈধ লাইসেন্স, ক্রয়ের রসিদ, রেজিস্টার বা প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়নি। এমনকি সার সংরক্ষণ ও বিক্রির জন্য অনুমোদিত কোনো বৈধ কাগজও তিনি দেখাতে পারেননি।
এসময় কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী এই অবৈধ মজুদের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় মজুদকৃত সার। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কুষ্টিয়ার খোকসা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন।
কুষ্টিয়া কৃষি বিপনন কর্মকর্তা সুজাত হোসেন খান জানান, এই ধরনের অনিয়ম রোধে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অভিযান পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এই ধরনের অবৈধ মজুদ ও মুনাফাখোরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।