বলিউড তারকা ইমরান হাশমি তার অভিনয়ের পাশাপাশি নিজের শারীরিক ফিটনেস নিয়েও বরাবরই সচেতন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি যা জানিয়েছেন, তা শুনে অবাক হচ্ছেন অনেকেই। জানা গেছে, টানা দুই বছর ধরে একেবারেই একঘেয়ে একটি ডায়েট মেনে চলছেন এই অভিনেতা।
ইমরান জানিয়েছেন, তার প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে মাত্র তিনটি উপাদান—এক বাটি সালাদ, মুরগির মাংসের কিমা এবং এক বাটি সেদ্ধ রাঙাআলু। তিনি বলেন, “আমি দিন শুরু করি সালাদ দিয়ে। তারপর খাই মুরগির কিমা। মাংস চিবিয়ে খেতে ভালো লাগে না, তাই কিমা খাই। সঙ্গে থাকে এক বাটি রাঙাআলু সেদ্ধ।”
তিনি আরও জানান, তার রাঁধুনি প্রতি সপ্তাহে একবারে সারা সপ্তাহের খাবার তৈরি করে দেন। এরপর সেই খাবারই নিয়ম করে প্রতিদিন গ্রহণ করেন তিনি।
অনেকেই যেখানে একবেলার খাবার অন্য বেলা খেতে নারাজ, সেখানে ইমরান কীভাবে একই খাবার এতদিন ধরে খাচ্ছেন—তা নিয়েও প্রশ্ন উঠেছে। পুষ্টিবিদদের মতে, এই ধরনের ডায়েটকে বলে ‘মনো ডায়েট’।
পুষ্টিবিদদের ব্যাখ্যা অনুযায়ী, মনো ডায়েট হলো এমন একটি খাদ্যাভ্যাস, যেখানে নির্দিষ্ট কিছু খাবারই প্রতিদিন খাওয়া হয়। কার্বোহাইড্রেট-ভিত্তিক মনো ডায়েটে সাধারণত আলু, ভাত বা কলা থাকে, যা শরীরকে শক্তি জোগায়। তবে এতে প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বির পরিমাণ কম থাকে। অন্যদিকে, প্রোটিন-ভিত্তিক মনো ডায়েটে ডিম, মাংস ইত্যাদি থাকে, যেটি শরীরচর্চার অনুরাগীদের মধ্যে বেশি জনপ্রিয়। তবে এই ধরনের ডায়েটে ফাইবার ও উদ্ভিজ্জ ভিটামিন কম থাকার ঝুঁকি থেকেই যায়।
ইমরানের ক্ষেত্রে অবশ্য তার ডায়েট প্রোটিন এবং কার্বোহাইড্রেট—দুটোরই একটি সমন্বয়, তবে এটি কতটা স্বাস্থ্যসম্মত, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।