জন্ম থেকেই দৃষ্টিশক্তিহীন আইয়ুব আলী। জীবনের প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন তিনি—বন্ধুর সহায়তায়। বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অংশ নিয়ে এই অনন্য অভিজ্ঞতা অর্জন করেন দর্শন বিভাগের এই শিক্ষার্থী।
আইয়ুব আলী বিশ্ববিদ্যালয়ের ৫১তম ব্যাচের ছাত্র। ৩৩ বছর পর অনুষ্ঠিত হওয়া জাকসু ও হল সংসদ নির্বাচনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। তবে এবারের নির্বাচনে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ব্রেইল পদ্ধতির ব্যবস্থা না থাকায় সহপাঠীর সহায়তায় ভোট দেন আইয়ুব।
শহীদ তাজউদ্দীন আহমদ হলে ভোট দিয়ে আইয়ুব বলেন, “আজ আমি জীবনের প্রথম ভোট দিলাম। এর আগে কখনো সুযোগ পাইনি। অভিজ্ঞতা অনেক ভালো ছিল। আমার এক বন্ধু শ্রুতিলেখক হিসেবে পাশে ছিল। আমি যেভাবে বলেছি, সে ঠিক সেভাবেই টিক দিয়ে দিয়েছে।”
ভোট দিতে গিয়ে কোনো প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, “না, আমি কোনো সমস্যার মুখোমুখি হইনি। ভালোভাবেই ভোট দিতে পেরেছি।”
আইয়ুব আলীর বন্ধু ও শ্রুতিলেখক হিসেবে থাকা আরহান রহমান জানান, “ভোট কেন্দ্রে পরিবেশ ছিল খুবই শান্ত। কেউ কোনো বাধা দেয়নি, এবং আমরা নির্বিঘ্নে ভোট দিতে পেরেছি।”
প্রসঙ্গত, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ব্রেইল পদ্ধতির ব্যবস্থা রাখা হয়েছিল। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এবারের নির্বাচনে তেমন কোনো ব্যবস্থা না থাকলেও সহমর্মী বন্ধুর সহায়তায় ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন আইয়ুব আলীর মতো শিক্ষার্থীরা।