কুষ্টিয়া জেলার ভেড়ামাড়া থানাধীন বারদাগ ভেলকিরপুল এলাকায় কুষ্টিয়া-পাবনা (এন-৭০৪) মহাসড়কে অভিযান চালিয়ে ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিনসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
চৌড়হাস হাইওয়ে থানার এসআই (নিঃ) মোঃ রইচ উদ্দিনের নেতৃত্বে অদ্য মোবাইল ডিউটি চলাকালে বিকেল আনুমানিক ৪টার দিকে পাবনা থেকে কুষ্টিয়াগামী একটি সিএনজিকে থামানোর জন্য সিগন্যাল দেওয়া হলে সেটি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে সিএনজিটি আটক করা হয়।
তল্লাশি চালিয়ে সিএনজির ভেতর থাকা ২০টি বস্তা থেকে মোট ৪০০ (চার শত) কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়। এ সময় যাত্রীবেশে থাকা পলিথিনের মালিক সঞ্জয় কুন্ডু (৪৫), পিতা-স্বপন কুন্ডু, সাং-হরিনারায়নপুর, থানা-ইবি, জেলা-কুষ্টিয়াকে আটক করা হয়।
পরবর্তীতে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ঘটনাস্থলে উপস্থিত হন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপস্থিত সাক্ষী ও অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করেন।
অভিযুক্ত সঞ্জয় কুন্ডু অপরাধ স্বীকার করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারায় তাকে ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
এসময় উদ্ধারকৃত নিষিদ্ধ পলিথিন ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
👉 পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।