কক্সবাজারের চকরিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ জসিম হাওলাদার (৩৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ভোরে ঢাকা অভিমুখে যাওয়ার পথে একটি নোহা মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করে পুলিশ। অভিযানের সময় মাদক পরিবহনে ব্যবহৃত নোহা মাইক্রোবাসটিও জব্দ করা হয়।
গ্রেফতার জসিম পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সলিমপুর এলাকার সফি হাওলাদারের ছেলে। পুলিশ মনে করছে, তিনি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে কেন্দ্র করে সক্রিয় একটি বড় মাদক সরবরাহ চক্রের সদস্য এবং দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সাথে জড়িত।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারণা করা যাচ্ছে—জসিম একটি সংঘবদ্ধ মাদক চক্রের সঙ্গে সম্পৃক্ত। তার মাধ্যমে চক্রের অন্যান্য সদস্য, পরিবহন রুট ও অর্থায়ন ব্যবস্থাসহ আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।”
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে চক্রটিকে চিহ্নিত ও আইনের আওতায় আনতে পুলিশ ইতোমধ্যে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে।”
পুলিশ জানায়, আটক জসিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।