বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন, নিউইয়র্কে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেউ লাঞ্ছিত করেনি। তিনি অভিযোগ করেন, এ নিয়ে নানা অপপ্রচার চালানো হচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।
আজ সকালে রাজধানীর সংসদ ভবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পিরোজপুর জেলা বিএনপির নবনির্বাচিত নেতাদের সঙ্গে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী এই কথা জানান।
তিনি আরও উল্লেখ করেন, যদি বর্তমান অন্তর্বর্তী সরকার দক্ষতার সাথে কাজ করতো, তাহলে দেশের ফ্যাসিবাদী গোষ্ঠীগুলো এই ধরনের অবৈধ কার্যকলাপ চালানোর সাহস পেত না। সরকারের গাফিলতির কারণে দেশের বাইরে থেকেও বিরোধী কার্যক্রম পরিচালিত হচ্ছে।
রুহুল কবির রিজভী আওয়ামী লীগের দোসরদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই বলে জোর দিয়ে বলেন, “ভয়ংকর ফ্যাসিবাদী শাসনের প্রতীক এখন শেখ হাসিনা। তারা বিভিন্ন ষড়যন্ত্র এবং চক্রান্তের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাইছে।”
দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্পর্কে রিজভী অভিযোগ করেন যে, তারা এখনো অর্থ পাচারকারী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি এবং বিচার প্রক্রিয়াও যথাযথ হচ্ছে না।
শেষে তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “দলকে শক্তভাবে সংগঠিত করতে হবে, যেন আগামী ভোটে জনগণ ধানের শীষে ভোট দেয়।”