দিনাজপুরের হিলি স্থলবন্দরে কাঁচামরিচের আমদানি ও স্থানীয় বাজারে সরবরাহ বাড়ায় হঠাৎ করেই কমে গেছে সব ধরনের কাঁচামরিচের দাম। গত তিন দিনের ব্যবধানে কেজিপ্রতি ৪০ টাকা কমে বর্তমানে দেশি ও ভারতীয় কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকায়, যা তিন দিন আগেও ছিল ১৬০ টাকা।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে হিলির কাঁচাবাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।
বাজারে কাঁচামরিচ কিনতে আসা স্থানীয় ক্রেতা আশরাফুল ইসলাম বলেন, “নিত্যপণ্যের দাম অনেক বেড়েছে। এর মধ্যে কাঁচামরিচের দাম কিছুটা কমেছে, এটা ভালো লাগছে। তবে দাম যদি ৫০ টাকার মধ্যে থাকতো, তাহলে আমাদের মতো সাধারণ মানুষের জন্য আরও ভালো হতো।”
বিক্রেতারা বলছেন, দেশে কাঁচামরিচের সরবরাহ বেড়েছে, পাশাপাশি ভারত থেকেও ব্যাপক হারে আমদানি হচ্ছে। ফলে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় দাম কমতে শুরু করেছে।
হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা ইসরাফিল হোসেন জানান, “মাত্র এক সপ্তাহ আগে আমরা কাঁচামরিচ বিক্রি করেছি ২০০ টাকা কেজি দরে। এখন সেই একই মরিচ বিক্রি করছি ১২০ টাকায়। দাম কমার পেছনে বড় কারণ হলো প্রচুর আমদানি এবং দেশি মরিচের ভালো ফলন।”
হিলি কাস্টমস সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহের মাত্র তিন দিনে হিলি স্থলবন্দর দিয়ে মোট ১৩টি ট্রাকে ১৩২ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে। ফলে বাজারে সরবরাহ বেড়ে গেছে এবং স্বাভাবিকভাবে এর প্রভাব পড়েছে খুচরা দামে।
বাজার বিশ্লেষকরা মনে করছেন, নিয়মিত বাজার মনিটরিং ও আমদানি-রপ্তানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা থাকলে এ ধরনের মূল্য হ্রাস অব্যাহত রাখা সম্ভব।