সাংবাদিক ঐক্যই শক্তি—দায়িত্বশীল সাংবাদিকতায় জাতীয় সাংবাদিক সংস্থার কঠোর অবস্থান
সাংবাদিক সমাজের অধিকার, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই—এমন দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে জাতীয় সাংবাদিক সংস্থা। সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মোঃ আলমগীর গনির সঙ্গে দৈনিক অপরাধ চক্র পত্রিকার প্রকাশক ও সম্পাদক আমেনা খাতুন ইভার সৌজন্য সাক্ষাতে এ আহ্বান জানানো হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল বাসার মজুমদার, সাংগঠনিক সচিব মোঃ মেহেদী হাসান এবং ক্রিয়া ও সাংস্কৃতিক সচিব আলহাজ্ব মোঃ আমির হোসেন। নেতৃবৃন্দ বলেন, বর্তমান সময়ে সাংবাদিকরা নানামুখী চাপে রয়েছেন; এ অবস্থায় সংগঠিত শক্তিই সাংবাদিকদের প্রধান আশ্রয়।
সৌজন্য সাক্ষাৎ শেষে কেন্দ্রীয় মহাসচিব মোঃ আলমগীর গনি আগামী ২৭ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিতব্য জাতীয় সাংবাদিক সমাবেশের স্মরণিকা দৈনিক অপরাধ চক্রের প্রকাশক ও সম্পাদক আমেনা খাতুন ইভার হাতে তুলে দেন। এ সময় তিনি বলেন, জাতীয় সাংবাদিক সমাবেশ হবে সাংবাদিক সমাজের দাবি-দাওয়া, অধিকার ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
এছাড়া ২৭ জুন ২০২৬ অনুষ্ঠিতব্য জাতীয় সাংবাদিক মহাসমাবেশ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা হয়। নেতৃবৃন্দ জানান, এই মহাসমাবেশের মাধ্যমে সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ে শক্তিশালী কর্মসূচি গ্রহণ, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংগঠনকে তৃণমূল পর্যন্ত আরও বিস্তৃত করার লক্ষ্যে ঐক্যবদ্ধ ঘোষণা দেওয়া হবে।
সাক্ষাৎকালে দায়িত্বশীল সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং যেকোনো অপশক্তির বিরুদ্ধে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। একই সঙ্গে সাংবাদিকদের পাশে থেকে জাতীয় সাংবাদিক সংস্থা সবসময় সক্রিয় ভূমিকা পালন করবে বলেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়।