সরকারি চাকরিতে অনিয়ম ও অসদাচরণের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত সহযোগী অধ্যাপক ডা. ফাতেমা দোজাকে চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।
বুধবার (২৭ আগস্ট) স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ডা. ফাতেমা দোজার বিরুদ্ধে চাকরির নীতিমালা ভঙ্গসহ একাধিক অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে রয়েছে ইস্তফা দেওয়ার পর তা গোপন রেখে পুনরায় চাকরিতে যোগদান, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণপত্র পরিবর্তন করে কর্তৃপক্ষকে বিভ্রান্ত করা এবং একটি ফৌজদারি মামলায় কারাভোগের তথ্য গোপন করা।
এসব অভিযোগের ভিত্তিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) ও ৩(গ) অনুযায়ী ২০২৩ সালের ২৬ নভেম্বর বিভাগীয় মামলা দায়ের করা হয়। অভিযোগ গঠনের পর ডা. ফাতেমা দোজাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি জবাব দেননি এবং ব্যক্তিগত শুনানির সুযোগও নেননি।
তদন্ত কর্মকর্তার প্রতিবেদনে অভিযোগগুলো প্রমাণিত হওয়ায় তাকে গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বরখাস্তের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর দ্বিতীয়বার কারণ দর্শানোর সুযোগ দেওয়া হলে তিনি জবাব দিলেও তা গ্রহণযোগ্য হয়নি।
পরবর্তীতে সরকারি কর্মকমিশনের মতামত নেওয়া হলে কমিশন স্বাস্থ্য সেবা বিভাগের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে। বিষয়টি রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পেশ করা হলে রাষ্ট্রপতি তা অনুমোদন দেন।
অবশেষে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪(৩)(ঘ) অনুযায়ী ডা. ফাতেমা দোজাকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সূত্রঃ দৈনিক টার্গেট