বরিশালের বাকেরগঞ্জে মাধ্যমিক শিক্ষায় তথ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও শিক্ষার্থীদের প্রযুক্তিমুখী করে তুলতে বিশেষ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাজমুল আলম সিদ্দিকী মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা আফরোজ।
শিক্ষকদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখতে গিয়ে ইউএনও রোমানা আফরোজ বলেন, “শিক্ষার্থীদের শুধু বইয়ের ভেতর সীমাবদ্ধ রাখা যাবে না। তাদের স্বপ্ন দেখতে শেখাতে হবে। কেবল পরীক্ষায় ভালো ফল করাই যথেষ্ট নয়; বরং তাদের ভেতরে জানতে হবে- আমি কে, আমি কী হতে চাই এবং সমাজের জন্য কী করতে পারি।” তিনি আরও বলেন, শিক্ষকদের সৃজনশীল কনটেন্ট তৈরি করে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে। এজন্য প্রতিটি প্রতিষ্ঠানে ইন্টারনেট ব্যবহারের উপযোগী পরিবেশ তৈরি করা অপরিহার্য। কোনো প্রতিষ্ঠানে অর্থ সংকট থাকলে সহায়তা করার আশ্বাসও দেন তিনি। একইসঙ্গে শিক্ষকদের রাজনীতি মুক্ত থেকে নিরলসভাবে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ.এম জাফর আহমেদ, বরিশাল বিএম স্কুলের প্রধান শিক্ষক মোমিন হাওলাদার, উপজেলা ছাত্র শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি ফজলুর রহমান মোল্লা ও জে.এস.ইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান। এ সময় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আইসিটি বিষয়ে কর্মরত শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
আলোচনায় বক্তারা বলেন, মাধ্যমিক স্তরে তথ্যপ্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় নতুন দিগন্ত উন্মোচন করবে। শিক্ষকরা যদি যুগোপযোগী প্রযুক্তি ব্যবহার করে পাঠদান করেন তবে শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় নয়, বাস্তব জীবনেও সফল হতে পারবে।
মতবিনিময় সভা শেষে আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হয় বাকেরগঞ্জ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ.এম জাফর আহমেদ রচিত ‘মাধ্যমিক আইসিটি ল্যাব রেফারেন্স বুক’ এর। প্রধান অতিথি ইউএনও রোমানা আফরোজ বইটির মোড়ক উন্মোচন করেন এবং এর মাধ্যমে শিক্ষকদের হাতে আরও একটি কার্যকর শিক্ষণ উপকরণ পৌঁছে দেওয়ার বিষয়টিকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমেনা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মহসিন। সার্বিকভাবে এ আয়োজন উপস্থিত শিক্ষক ও অতিথিদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করে এবং মাধ্যমিক শিক্ষায় প্রযুক্তির সম্ভাবনা নিয়ে নতুন আশার আলো জাগায়।