আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার বিভিন্ন আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এ পর্যন্ত কুষ্টিয়ার চারটি আসনের চারটিতেই জামায়াত প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র ক্রয় ও উত্তোলন সম্পন্ন করেছেন।
এর মধ্যে কুষ্টিয়া–১ (দৌলতপুর) আসনে অধ্যক্ষ বেলাল উদ্দিন, কুষ্টিয়া–২( মিরপুর-ভেড়ামারা) আসনে আলহাজ আব্দুল গফুর, কুষ্টিয়া–৩ (সদর) আসনে মুফতি আমির হামজা, কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালি) আসনে আবজাল হোসেন মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
এদিকে বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের কাছ থেকে কুষ্টিয়া–৩ আসনের প্রার্থী মুফতি আমির হামজা মনোনয়নপত্র গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন, সহকারী সেক্রেটারি মাজহারুল হক মমিন ও খায়রুল ইসলাম রবিন, কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা শরিফুল ইসলাম, সেক্রেটারি ডা. রায়হান আলী, জেলা কর্মপরিষদ সদস্য হামিদুর রহমান বোরহান ও আলী মুজাহিদ। এছাড়াও কুষ্টিয়া শহর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মোহাম্মদ আবু ইউসুফ, সাবেক সভাপতি সেলিম রেজাসহ জামায়াত ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র উত্তোলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুফতি আমির হামজা বলেন, ৫ আগস্ট ২০২৪ তারিখে কুষ্টিয়া মডেল থানাসহ দেশের বিভিন্ন স্থান থেকে যেসব অস্ত্র লুট হয়েছিল, সেগুলো উদ্ধারের বিষয়ে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে তারা সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।
নির্বাচনের ফলাফল সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে বিজয়ের ব্যাপারে আমরা শতভাগ নিশ্চিত।
মনোনয়নপত্র উত্তোলনকে কেন্দ্র করে কুষ্টিয়ার রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও তৎপরতা বেড়েছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রমও জোরদার হচ্ছে।