ঝিনাইদহের কালিগঞ্জে ‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরে কৃষকদের পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে কালিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ কামরুজ্জামান ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কালিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ,যশোর অঞ্চলের মনিটোরিং অফিসার শেখ সাজ্জাদ হোসেন, কৃষি সম্প্রসারন অফিসার আকতারুজ্জামান,অতিরিক্ত উপ পরিচালক আনিচুজ্জামান সহ সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কৃষিখাতকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে হবে।
কৃষকদের প্রশিক্ষণ, উন্নত বীজ ও সঠিক পরিচর্যার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি সম্ভব। তারা কৃষকদের উদ্দেশ্যে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ, মাটির গুণাগুণ রক্ষা, সঠিক সার প্রয়োগ এবং কীটনাশকের নিরাপদ ব্যবহারের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। কৃষি বিভাগ কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার ও সংশ্লিষ্ট দপ্তরগুলো বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে বলেও তারা উল্লেখ করেন।
সভায় কৃষি খাতে টেকসই উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। অনুষ্ঠানটি কৃষকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং আধুনিক কৃষি ব্যবস্থার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।