কক্সবাজারের উখিয়া সীমান্তবর্তী পালংখালী ইউনিয়নের ফারিরবিল এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
উখিয়া ৩৪ বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সীমান্ত পিলার বিআরএম ১৯ থেকে প্রায় দেড় কিলোমিটার দক্ষিণ-পূর্বে বাংলাদেশের অভ্যন্তরে টহল দিচ্ছিল একটি বিশেষ দল। টহলের একপর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে তিনজন ব্যক্তিকে সীমান্ত অতিক্রম করতে দেখে তাদের সন্দেহ হয়। এ সময় দেখা যায়, তাদের মধ্যে একজনের হাতে একটি সাদা শপিং ব্যাগ রয়েছে।
বিজিবি সদস্যরা তল্লাশির জন্য তাদের দিকে অগ্রসর হলে তিনজন দ্রুত পালিয়ে যায়। এর মধ্যে শপিং ব্যাগ বহনকারী একজন ব্যাগটি ফেলে মিয়ানমারের দিকে দৌড়ে পালিয়ে যায়। পরে ব্যাগটি উদ্ধার করে তল্লাশি চালানো হলে দেখা যায়, ভেতরে নীল রঙের বায়ুরোধী দুটি কার্টনে মোট ২০ হাজার ইয়াবা ট্যাবলেট রয়েছে।
ঘটনার পর বিজিবি আশপাশের এলাকায় চিরুনি অভিযান চালালেও কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। তবে পাচারকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানানো হয়।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন সাংবাদিকদের জানান, উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদক পাচারে জড়িতদের আইনের আওতায় আনতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, উখিয়া ও টেকনাফ সীমান্ত দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের অন্যতম রুট হিসেবে পরিচিত। প্রায়ই বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বিপুল পরিমাণ মাদক জব্দ করা হলেও সীমান্ত পেরিয়ে নতুন চালান প্রবেশের চেষ্টা অব্যাহত রয়েছে। ফলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। মাদকের আগ্রাসন রোধে স্থানীয় জনগণের সহযোগিতা এবং কঠোর আইন প্রয়োগ জরুরি হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।