কুষ্টিয়ার দৌলতপুরে ভয়াবহ পদ্মা নদীর ভাঙনে গৃহহীন হয়ে পড়া ১১৫টি পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৭ ব্যাটালিয়ন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে দৌলতপুরের উদয়নগর বিওপি এলাকায় এ ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় বিজিবির যশোর অঞ্চলের রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াসির আরাফাত, ৪৭ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমানসহ অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
বিজিবির রিজিওনাল কমান্ডার ইয়াসির আরাফাত জানান, ১০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ভাঙনে উদয়নগর বিওপির দুই-তৃতীয়াংশ নদীগর্ভে বিলীন হয়ে যায় এবং ১৫ সেপ্টেম্বর সকালে অবশিষ্ট অংশও নদীতে তলিয়ে যায়। তবে আগাম সতর্কতার কারণে অস্ত্র, গোলাবারুদ, সরকারি নথিপত্র, যানবাহনসহ সব সদস্যকে নিরাপদে চরচিলমারী বিওপিতে স্থানান্তর করা সম্ভব হয়েছে। বর্তমানে সীমান্ত এলাকায় টহল ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ আমাদের অবকাঠামো ক্ষতিগ্রস্ত করলেও সীমান্ত সুরক্ষায় কোনো শূন্যতা সৃষ্টি হয়নি। বিজিবি সর্বদা দেশের সুরক্ষা ও জনগণের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ।
ত্রাণ হিসেবে প্রায় ১২০টি পরিবারকে চাল, ডাল, তেল, লবণ, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে তারা বদ্ধপরিকর।