মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষীপুরা গ্রামে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আটজনকে কুকুরে কামড়ানোর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত ঘটে যাওয়া এই ঘটনায়।
এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আক্রান্তদের মধ্যে আড়াই বছরের শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের নারী-পুরুষ রয়েছেন।
আহতরা হলেন লক্ষীপুরার ইসরাফিল মিয়ার আড়াই বছরের ছেলে আয়ান, সৈয়দ মোহাম্মদ (৫০), নওনেহা (৬), সালমান (১৫), মোঃ রাব্বি (১৮), রিজওয়ান (১০), মাহিন (৭) ও সাফওয়ান (৬)।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খন্দকার আরশাদ কবীর আতিক গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটা থেকে রাত সোয়া আটটার মধ্যে টানা আটজন কুকুরে কামড়ানো রোগী হাসপাতালে আসেন। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাবিস ভ্যাকসিনের মজুত না থাকায় আক্রান্তদের মুন্সিগঞ্জ সদর হাসপাতাল বা ঢাকার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত বছর অক্টোবরে হঠাৎ কুকুরে কামড়ের ঘটনা বেড়ে গেলে জরুরি ভিত্তিতে ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে কিছু ভ্যাকসিন সরবরাহ করা হয়েছিল। তবে চলতি বছরের জানুয়ারি থেকে আর কোনো ভ্যাকসিন মজুত রাখা হয়নি। ফলে রোগীরা নিয়মিত ভ্যাকসিন সংকটে পড়ছেন।