ক্যানারা ব্যাংকের এরনাকুলাম শাখায় গরুর মাংস পরিবেশন বন্ধের নির্দেশ দেওয়ার পর এক ভিন্নধর্মী প্রতিবাদের সাক্ষী হলো ব্যাংক চত্বর। নতুন নিয়োগপ্রাপ্ত এক ম্যানেজারের নিষেধাজ্ঞার প্রতিবাদে কর্মীরা আয়োজন করেন ‘বিফ ফেস্ট’।
ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন অব ইন্ডিয়া (BEFI)-র উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে কর্মীরা ক্যান্টিনের সামনে গরুর মাংস ও পরোটা খেয়ে প্রতীকী প্রতিবাদ জানান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি শুধুমাত্র খাদ্যাভ্যাসের নয়, বরং ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রেও হস্তক্ষেপের শামিল।
সংগঠনের নেতা এস.এস. অনিল বলেন, “আমাদের ক্যান্টিনে নির্দিষ্ট দিনে গরুর মাংস দেওয়া হতো। নতুন ম্যানেজার সেটি বন্ধের নির্দেশ দেন। এটি সংবিধানে দেওয়া মৌলিক অধিকারের লঙ্ঘন। কী খাব, সেটা সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদের আছে। কাউকে আমরা গরুর মাংস খেতে বাধ্য করছি না। এটি শান্তিপূর্ণ প্রতিবাদের একটি মাধ্যম।”
ঘটনাটির পক্ষে মত প্রকাশ করেছেন কেরালার স্বতন্ত্র বিধায়ক কে.টি. জালিল। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “মানুষ কী খাবে, কী পরবে বা কী ভাববে— সেটা নির্ধারণ করার অধিকার কোনো উর্ধ্বতন কর্মকর্তার নেই।”
উল্লেখ্য, এর আগেও ২০১৭ সালে কেন্দ্রীয় সরকার গো-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করলে কেরালার বিভিন্ন স্থানে বিফ ফেস্ট অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় এবারও এ ধরনের প্রতিবাদ নতুন করে আলোচনায় এসেছে।