ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আজ রোববার (৩১ আগস্ট) সকালে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
তিনি জানান, নুর বর্তমানে হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো হলেও পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে, কারণ এখনো কিছু জটিলতা রয়ে গেছে।
পরিচালক জানান, নুরুল হক নুরের শরীরে চারটি গুরুতর আঘাত পাওয়া গেছে। তার নাক ও চোয়ালের হাড় ভেঙেছে, একটি চোখে রয়েছে মারাত্মক আঘাত এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তবে চিকিৎসার ফলে মস্তিষ্কের রক্তক্ষরণ ধীরে ধীরে কমে আসছে বলে জানান তিনি।
সর্বশেষ সিটি স্ক্যান রিপোর্ট ইতিবাচক এসেছে বলে জানিয়েছেন ঢামেক পরিচালক। যদিও নুর এখনও কিছুটা ট্রমার মধ্যে রয়েছেন, তবুও চিকিৎসকদের মতে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে যাচ্ছে।
এদিকে, ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড তার সার্বিক চিকিৎসা তত্ত্বাবধান করছে। প্রতিনিয়ত তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।
প্রসঙ্গত, গত শুক্রবার (৩০ আগস্ট) রাতে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের পাশে আল রাজী টাওয়ার এলাকায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুরুল হক নুরসহ আরও কয়েকজন। পরে সহকর্মীরা দ্রুত তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।